এ বছর আসছে গুগলের বিশেষ স্মার্টফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুগল এখন কাজ করছে স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা আমূল পাল্টে দিতে। কম্পিউটারে প্রয়োজন অনুযায়ী প্রসেসর, র্যা ম, গ্রাফিকস কার্ড, হার্ডডিস্ক ড্রাইভ বা অন্যান্য যন্ত্রাংশ পাল্টানোর সুযোগ থাকলেও স্মার্টফোনে সে সুযোগ এত দিন ছিল না। আর সেই প্রয়োজনীয়তা থেকেই ‘প্রোজেক্ট অ্যারা’ ছদ্মনামে পরিবর্তনযোগ্য যন্ত্রাংশের স্মার্টফোন তৈরির কাজ শুরু করে গুগল।

এমনটা হতে পারে গুগলের মডিউল ফোন
এমনটা হতে পারে গুগলের মডিউল ফোন

১৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রের মাউন্টেন ভিউয়ের গুগল কার্যালয়ে ডেভেলপার সম্মেলনে প্রকল্পটির দ্বিতীয় নমুনা দেখানো হয়। চলতি বছরের শেষের দিকে প্রোজেক্ট অ্যারা স্মার্টফোন সীমিত আকারে বাজারে ছাড়া হবে। প্রথম বাজার হিসেবে পুয়ের্তো রিকো বেছে নেয় গুগল।
প্রোজেক্ট অ্যারা অবশ্য শুরু হয়েছিল বেশ আগে, মটোরোলা মবিলিটি যখন গুগলের নিয়ন্ত্রণে ছিল তখন। পরবর্তী সময়ে মটোরোলাকে লেনোভো কিনে নিলেও মটোরোলার এই বিভাগটি গুগলের নিয়ন্ত্রণে থেকে যায়। গত বছরের এপ্রিলে গুগল ডেভেলপার সম্মেলনে ‘স্পাইরাল ১’ নামের প্রথম প্রোটোটাইপ প্রকাশ করে প্রোজেক্ট অ্যারা। তাতেই সাড়া ফেলে দেয় বাজারে। তোশিবা, এনভিডিয়া, মার্ভেলের মতো বিখ্যাত প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ক্ষুদ্র যন্ত্রাংশ নির্মাতারা প্রোজেক্ট অ্যারা স্মার্টফোনের জন্য যন্ত্রাংশ তৈরির আগ্রহ দেখায়।
স্মার্টফোনটির কাঠামোর পেছন দিকে আটটি খোপে বা স্লটে যন্ত্রাংশ যোগ করা কিংবা পাল্টানোর সুযোগ থাকবে। এমনকি স্মার্টফোনটির পর্দাও প্রয়োজন অনুযায়ী বদলানো যাবে। সবগুলো যন্ত্রাংশ মূল কাঠামোর সঙ্গে চুম্বকের মাধ্যমে আটকে থাকবে। প্রয়োজন অনুযায়ী যন্ত্রাংশ যোগের সুযোগ থাকায় সব রকম আয়ের মানুষের সাধ্যের মধ্যে থাকবে বলে জানিয়েছে প্রোজেক্ট অ্যারার প্রধান যন্ত্র প্রকৌশলী অ্যারা কেনাইয়ান। তিনি বলেন, ‘আগের চেয়ে আমাদের অগ্রগতি হলেও এখনো অনেক কাজ বাকি।’
প্রথম প্রোটোটাইপ প্রকাশের প্রায় নয় মাস পরে দ্বিতীয় প্রোটোটাইপ প্রকাশ করা হয়। আগামী জুনের মধ্যে স্পাইরাল ৩ প্রকাশ করা হবে বলে ধারণা করা হচ্ছে। পরবর্তী সংস্করণটিতে যন্ত্রাংশগুলোর মধ্যে তারহীন যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। ব্যাটারির চার্জ একটি বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। ফোন বন্ধ না করেই ব্যাটারি বদলানো সম্ভব হলে এই সমস্যা থেকে মুক্ত হওয়া যাবে বলে মনে করেন প্রকল্প-প্রধান পল এরেমেনকো। স্মার্টফোনটির মূল্য সম্পর্কে ধারণা দিতে গত বছর এপ্রিলে তিনি বলেন, ‘একটি সাধারণ মানের মডিউলার স্মার্টফোন তৈরিতে আমাদের খরচ পড়ছে প্রায় ৫০ ডলার।’
—এমআইটি টেকনোলজি রিভিউ অবলম্বনে মেহেদী হাসান